২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৫ এ.এম

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দাউদকান্দিতে একই পরিবারের চারজন দগ্ধ

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দাউদকান্দিতে একই পরিবারের চারজন দগ্ধ

কুমিল্লার দাউদকান্দিতে রান্নার গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে এক শিশু ও দুই নারীসহ একই পরিবারের চার সদস্য গুরুতর দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোরের এই দুর্ঘটনার পর সকাল ৬টার দিকে তাদের উদ্ধার করে দ্রুত রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। দগ্ধরা হলেন— মনোয়ারা (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) এবং মাত্র দুই বছর বয়সী শিশু হুররাম।

চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে দুইজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। উম্মে হুমায়রার শরীরের ৬৫ শতাংশ এবং জিল হকের শরীরের ৫৪ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া শিশু হুররামের শরীরের ৬ শতাংশ এবং মনোয়ারা বেগমের শরীরের ২ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ধারণা করা হচ্ছে, রাতে সিলিন্ডার থেকে গ্যাস বের হয়ে ঘরে জমে ছিল। ভোরে রান্নার জন্য আগুন জ্বালাতেই পুরো ঘরে বিস্ফোরণ ঘটে এই দুর্ঘটনাটি ঘটে।