২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৩ এ.এম

শ্যামনগরে ঘেরে পানি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এক ব্যক্তির

শ্যামনগরে ঘেরে পানি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এক ব্যক্তির

সাতক্ষীরার শ্যামনগরে ঘেরে পানি তোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের গড় কুমারপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম মিন্টু (৪৫) ওই গ্রামের সহিলউদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নিজের ঘেরে মোটর দিয়ে পানি তোলার কাজ করছিলেন জাহাঙ্গীর আলম। এসময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের তারের সংস্পর্শে এলে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তার ফুফাতো ভাই মোস্তাফিজুর রহমান তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।