২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৭ পি.এম

'সরবরাহ ঠিক আছে, অযৌক্তিক মূল্যবৃদ্ধি মেনে নেবে না সরকার'

'সরবরাহ ঠিক আছে, অযৌক্তিক মূল্যবৃদ্ধি মেনে নেবে না সরকার'

রমজানকে সামনে রেখে বাজারে যেন কোনো ধরনের কৃত্রিম সংকট বা অযৌক্তিক মূল্যবৃদ্ধি না ঘটে—এ বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, বাজার যাতে গুটিকয়েক ব্যক্তির নিয়ন্ত্রণে না যায়, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে এবং দ্রুত বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনা হবে।

সোমবার মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাজার তদারকির অংশ হিসেবে নির্ধারিত দামে পণ্য বিক্রি হচ্ছে কি না তা যাচাই করতেই এই পরিদর্শন। তিনি জানান, বাজারে পণ্যের সরবরাহ পর্যাপ্ত এবং সার্বিক পরিস্থিতি সন্তোষজনক। তবে রমজানকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার চেষ্টা করছে। যারা মূল্যবৃদ্ধির কারসাজিতে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, বাজারকে পুরোপুরি স্বাভাবিক ও ক্রেতাবান্ধব করতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে এসব বাস্তবায়নে কিছুটা সময় লাগবে। এ কাজে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন তিনি।

পরিদর্শনের সময় মন্ত্রী বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং সরাসরি পণ্যের দাম যাচাই করেন। তিনি বলেন, ঢাকার মতো বড় শহরের প্রতিটি বাজারে একযোগে সরকারি টিম পাঠানো প্রশাসনিকভাবে সম্ভব নয়। তবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ১০টি দল নিয়মিত নজরদারি করছে। ব্যবসায়ীদের মধ্যে এই বার্তা পৌঁছে দেওয়াই লক্ষ্য যে, তারা সবসময় পর্যবেক্ষণের মধ্যে আছেন।

রমজান উপলক্ষে ব্যবসায়ীদের প্রতি নৈতিকতার আহ্বান জানিয়ে তিনি বলেন, “রমজান মাস সামনে রেখে দয়া করে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দাম নেবেন না। আমি নিজেও ইবাদত করি, আপনারাও এই পবিত্র সময়ে মানুষের কষ্ট বাড়াবেন না।” তিনি অতি মুনাফার মানসিকতা পরিহার করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

মন্ত্রী বলেন, বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও কোনো পণ্যের দাম হঠাৎ ৪০-৫০ টাকা থেকে ১২০ টাকায় উঠে যাওয়া গ্রহণযোগ্য নয়। বাজারকে নির্দিষ্ট গোষ্ঠীর নিয়ন্ত্রণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং এর ইতিবাচক ফল পেতে কিছুটা সময় প্রয়োজন।

তিনি আরও জানান, আমদানি পণ্যের বাজার স্থিতিশীল রাখতে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে। টিসিবির মাধ্যমে বাজারে সরবরাহ করা পণ্যের দাম স্থিতিশীল রয়েছে, বরং কিছু পণ্যের মূল্য গত বছরের তুলনায় ১৫ থেকে ২০ টাকা কম—এ তথ্য পরিসংখ্যানেই প্রমাণিত।

সম্প্রতি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের প্রধান আব্দুল জব্বার মণ্ডলের ওপর হামলা ও হুমকির বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহমেদ এবং অতিরিক্ত সচিব আইআইটি শিবির বিচিত্র বড়ুয়া উপস্থিত ছিলেন।

পরে বাণিজ্যমন্ত্রী রাজধানীর বৃহৎ পাইকারি কাঁচাবাজার কারওয়ান বাজার পরিদর্শন করেন এবং সেখানে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে বাজার পরিস্থিতির খোঁজ নেন।