২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪২ পি.এম

খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭শ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে

খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭শ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে

আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্তিশালী করতে দ্রুত পদক্ষেপ নিচ্ছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পুলিশ বাহিনীতে জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে, যা শিগগিরই বাস্তবায়ন শুরু হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, “আমাদের প্রধান উদ্দেশ্য জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীকে পরিচালনা করা।”

তিনি আরও জানান, পূর্ববর্তী সরকারের সময়ে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্সগুলো পুনরায় যাচাই করা হবে। লাইসেন্সগুলো যথাযথ প্রক্রিয়ায় দেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, লাইসেন্সধারীরা অস্ত্র রাখার উপযুক্ত কি না, সেটিও যাচাই করা হবে। রাজনৈতিক উদ্দেশ্যে যেসব লাইসেন্স দেওয়া হয়েছে, সেগুলো বাতিল করা হবে। একই সঙ্গে এসব লাইসেন্সের আওতায় থাকা অস্ত্রও বাতিলের আওতায় আসবে।

তিনি জানান, বর্তমানে ১০ হাজারের বেশি অস্ত্র এখনো উদ্ধার হয়নি এবং এগুলো অবৈধ হিসেবে বিবেচিত হচ্ছে। এসব অস্ত্র উদ্ধারে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে এবং নির্ধারিত প্রক্রিয়ায় সেগুলো উদ্ধার করা হবে।