নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে বড় পদক্ষেপ নিচ্ছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। দরিদ্র পরিবারের জন্য বহুল আলোচিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি শিগগিরই পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে উত্তরবঙ্গের দুটি জেলায়।
সরকারি পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিকভাবে বগুড়া ও দিনাজপুর জেলায় এই কর্মসূচির পাইলট কার্যক্রম শুরু করা হতে পারে। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সুবিধাভোগীদের দ্রুত সহায়তা পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে দুটি জেলার মোট আটটি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে বগুড়ার গাবতলী এবং দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় প্রথম ধাপে কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দুই উপজেলার অভিজ্ঞতা ও ফলাফল মূল্যায়নের পর পর্যায়ক্রমে কর্মসূচিটি সারা দেশে সম্প্রসারণ করা হবে।
সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, প্রকৃত দরিদ্র পরিবার চিহ্নিত করতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ খানা জরিপের তথ্য ব্যবহার করা হবে। ফ্যামিলি কার্ড পাওয়া প্রতিটি পরিবারকে মাসে সরাসরি দুই হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
মন্ত্রী আরও বলেন, এই উদ্যোগ উত্তরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও দারিদ্র্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুবিধাভোগী বাছাইয়ের ক্ষেত্রে বিধবা, প্রবীণ এবং নারীপ্রধান পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।