মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ সময়ে নেতৃত্বে পরিবর্তন এলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলাম নতুন চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
সোমবার দুপুরে ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে বিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন তিনি। দায়িত্ব গ্রহণের সময় প্রসিকিউটররা তাকে স্বাগত জানান। পরে তিনি কার্যালয়ে গিয়ে প্রসিকিউশন টিমের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এর আগে সকালে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে আমিনুল ইসলামের নিয়োগের বিষয়টি জানানো হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের সেপ্টেম্বরের শুরুতে অন্তর্বর্তীকালীন সরকার অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় মোহাম্মদ তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়। তার নেতৃত্বে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ২৪টি আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হয়। বর্তমানে এসব মামলার বিচার কার্যক্রম ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২-এ চলমান।
এর মধ্যে তিনটি মামলার রায় ইতোমধ্যে ঘোষণা হয়েছে। ঘোষিত রায়ে দণ্ডপ্রাপ্ত ২৬ জনের তালিকায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন।
এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডসহ আরও দুটি মামলার রায় অপেক্ষমাণ। আগামী ৪ মার্চ রামপুরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায় ঘোষণা করা হবে।
অন্যদিকে, আওয়ামী লীগ সরকারের সময়কার গুম ও নির্যাতনের অভিযোগের মামলাগুলোর বিচারও ট্রাইব্যুনালে চলমান রয়েছে। এসব মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানসহ আওয়ামী লীগের প্রভাবশালী একাধিক সাবেক এমপি ও মন্ত্রী আসামি হিসেবে বিচারাধীন রয়েছেন।