২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৫ পি.এম

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস

দেশজুড়ে আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থার তথ্য অনুযায়ী, মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। এছাড়া আগামীকাল মঙ্গলবার খুলনা ও বরিশাল বিভাগের দু-একটি এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সোমবার দেশের অধিকাংশ এলাকায় আংশিক মেঘলা আকাশের সঙ্গে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। রাতে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, আর দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামীকাল মঙ্গলবার খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, দিনে সামান্য কমতে পারে।

বুধবার ও বৃহস্পতিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশের সঙ্গে দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এই দিনগুলিতে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। শুক্রবারও দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

পাঁচ দিনের বিস্তৃত পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের মধ্যে কিছু ক্ষেত্রে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অফিস জানায়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও মধ্য বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপে পরিণত হয়েছে। এটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এছাড়া উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।