একই দিনে রাষ্ট্রীয় সম্মাননা ও সাহিত্য উৎসব—২৬ ফেব্রুয়ারি ঘিরে থাকছে বিশেষ আয়োজন। এদিন একুশে পদক প্রদান এবং অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠিত হবে।
সকালে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে গুণীজনদের হাতে একুশে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর বিকেলে তিনি বাংলা একাডেমি প্রাঙ্গণে উপস্থিত থেকে অমর একুশে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। সংস্কৃতিমন্ত্রী বলেন, ২৬ ফেব্রুয়ারি সকালে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে গুণীজনদের হাতে একুশে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।
এবারের বইমেলায় অংশ নেওয়া প্রকাশনাপ্রতিষ্ঠানগুলোর জন্য বড় সুখবর দিয়েছে সরকার। স্টলভাড়া সম্পূর্ণ মওকুফের সিদ্ধান্ত ইতোমধ্যে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন প্রকাশকেরা। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পদক প্রদান ও বইমেলা উদ্বোধন—দুই আয়োজন ঘিরেই প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ করা হয়েছে।