২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৫ পি.এম

প্রশাসন সব সময় ক্ষমতাসীনদের তুষ্ট রাখতে মনোযোগী থাকে : আখতার হোসেন

প্রশাসন সব সময় ক্ষমতাসীনদের তুষ্ট রাখতে মনোযোগী থাকে : আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এমপি বলেছেন, দেশের প্রশাসন প্রায়শই ক্ষমতাসীনদের সন্তুষ্টি দেওয়ায় মনোযোগী থাকে। তিনি বলেন, "বিগত দিনে নির্বাচনী সহিংসতার পর প্রশাসন নিরপেক্ষতার ভান করে বসে থেকে জুলুম সহ্য করা ও জুলুমে প্রশ্রয় দেওয়ার মাধ্যমে সরকারের প্রতি অনুগত থাকার প্রক্রিয়ার মধ্যে নিয়ে যায়। আমরা প্রশাসনের নিরবতাকে সেই অবস্থায় দেখি। সহিংসতাকারীদের বিরুদ্ধে প্রশাসনকে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।"

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে তিনি রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ বালারঘাটে নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এনসিপির সংগঠক সুমন হোসেনের বাড়ি পরিদর্শন করেন এবং সাংবাদিকদের সঙ্গে এই মন্তব্য করেন।

আখতার হোসেন আরও জানান, "একদিকে বিএনপি ফ্যামিলি কার্ডের কথা বলে, তাদের প্রার্থীরা শাড়ি-লুঙ্গি বিতরণ করে। অপরদিকে, তাদের সন্ত্রাসী বাহিনী পরিবারগুলো তছনছ করে দিয়েছে, জীবন ধারণের উপকরণ, স্বর্ণ, টাকা-পায়সা লুটপাট করে নিয়েছে। বিএনপির ফ্যামিলি কার্ডের কথা বলে লুটপাট করার নীতি জানতে পেরে জনগণ শাপলা কলিতে ভোট দিয়েছে।"

তিনি বলেন, রংপুর-৪ আসনে বিএনপির প্রার্থী এমদাদুল হকের ভরসার সন্ত্রাসী বাহিনী এনসিপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ঘর-বাড়ি ভাংচুর করেছে। "নির্বাচনকালীন এমন সহিংসতার সময় প্রশাসন নির্বাচন কমিশনের আওতায় ছিল, কিন্তু তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। ক্ষতিগ্রস্ত নেতাকর্মীরা প্রায় ১০ দিন ধরে পরিবার নিয়ে বাইরে অবস্থান করছে। আমরা আশা করি, প্রশাসন চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করবে," তিনি যোগ করেন।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন এনসিপি জেলা আহ্বায়ক আল মামুন, যুগ্ম আহ্বায়ক আলমগীর নয়নসহ অন্যান্য নেতা-কর্মীরা।

এদিকে, সংসদ সদস্য আখতার হোসেনের হারাগাছ পরিদর্শন ঘিরে স্থানীয় বিএনপির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা থাকলেও এ সময় তাদের দেখা যায়নি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন ছিল।