বাংলাদেশে প্রথমবারের মতো নারী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অপেক্ষা আরও সংক্ষিপ্ত হতে পারে। নির্ধারিত সময়ের আগেই মাঠে গড়াতে পারে নারী বিপিএলের উদ্বোধনী আসর।
চলতি মাসের শুরুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ৩ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত তিনটি দল নিয়ে নারী বিপিএল আয়োজনের ঘোষণা দিয়েছিল। তবে রোববার অনুষ্ঠিত বোর্ড সভায় টুর্নামেন্টের সময় এগিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। নতুন পরিকল্পনা অনুযায়ী, মার্চের শেষ সপ্তাহেই প্রতিযোগিতাটি আয়োজন করা হতে পারে।
বিসিবির এক পরিচালক জানিয়েছেন, আসরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।
খেলোয়াড় বাছাই পদ্ধতিতে ড্রাফটের পরিবর্তে নিলাম পদ্ধতির দিকে এগোচ্ছে বিসিবি। এছাড়া বিদেশি তারকা ক্রিকেটারদের অংশগ্রহণের সম্ভাবনাও রয়েছে। আইপিএল, বিগ ব্যাশ ও দ্য হান্ড্রেডের আদলে বাংলাদেশেও প্রথমবারের মতো নারীদের ফ্র্যাঞ্চাইজি লিগ চালু হতে যাচ্ছে।
উদ্বোধনী আসরে তিনটি দল অংশ নেবে। নারী বিপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিসিবি পরিচালক রুবাবা দৌলাকে।