২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৯ পি.এম

এখন থেকে বয়স ১৬ হলেই করা যাবে এনআইডি আবেদন

এখন থেকে বয়স ১৬ হলেই করা যাবে এনআইডি আবেদন

ভোটার হওয়ার আগেই জাতীয় পরিচয়পত্র পাওয়ার সুযোগ—এবার ১৬ ও ১৭ বছর বয়সী নাগরিকদের জন্য নতুন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত বয়স পূরণ করলে তারা এখনই এনআইডির জন্য নিবন্ধন করতে পারবে, আর ১৮ বছর পূর্ণ হলেই স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় যুক্ত হবে তাদের নাম।

রোববার (২২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।

পরিপত্রে বলা হয়, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত)-এর ধারা ৫ অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে যেসব বাংলাদেশি নাগরিকের বয়স আবেদন করার তারিখে ১৬ বা ১৭ বছর পূর্ণ হয়েছে বা হবে, তারা এনআইডি নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান স্বাক্ষরিত এ নির্দেশনায় সংশ্লিষ্ট সব আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। পাশাপাশি দ্রুত এই সিদ্ধান্ত কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।