২২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৪ পি.এম

যাত্রাবাড়ীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২

যাত্রাবাড়ীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাস ও লেগুনার মধ্যে এক ভয়াবহ সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে মীর হাজারীবাগের ঘণ্টিঘর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও একজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহতদের মধ্যে একজনের নাম আজিজুল ইসলাম বলে শনাক্ত করা হয়েছে। তবে অন্য নিহতের পরিচয় এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত করা সম্ভব হয়নি।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পথচারীরা জানান, দুর্ঘটনার পরপরই তারা রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত বাস ও লেগুনাটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এই ঘটনায় জড়িত বাসের চালক ও তার সহকারীকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।