এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর: উৎসব ভাতা পাবেন শতভাগ
বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার এমপিওভুক্ত কয়েক লাখ শিক্ষক ও কর্মচারী এবার পাবে শতভাগ উৎসব ভাতা বা বোনাস। পবিত্র রমজানের ঈদ থেকেই এটি কার্যকর হতে পারে বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক সূত্র জানিয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, “এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা পান। এই ভাতা শতভাগ করা হবে।” তবে তিনি উল্লেখ করেননি ঠিক কবে থেকে এই সুবিধা কার্যকর হবে।
সূত্রের খবর, বিষয়টি এখনও চূড়ান্ত পর্যায়ে আলোচনা চলছে। খুব শিগগিরি শিক্ষকরা ১০০ শতাংশ বোনাস পাবেন, যা রমজানের ঈদ থেকেই শুরু হতে পারে। তবে নীতিমালায় শতভাগ উল্লেখ করতে হলে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন, তাই কিছুটা সময় লাগতে পারে।
এমন পরিস্থিতি নতুন নয়। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০০৪ অনুযায়ী, শিক্ষকরা এক মাসের মূল বেতনের ২৫ শতাংশ বোনাস পেতেন, আর অন্যান্য কর্মচারীরা ৫০ শতাংশ। গত ১৭ বছর ধরে শিক্ষকরা এই বৈষম্য নিরসনের আন্দোলন চালিয়ে আসছেন।
‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১’ জারি হওয়ার পর শতভাগ বোনাসের বিষয়টি আবার আলোচনায় আসে। কয়েকটি গণমাধ্যমে ইতোমধ্যেই প্রকাশ হয়েছে, এমপিওভুক্ত শিক্ষকরা এবার পূর্ণ উৎসব ভাতা পাবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালার ‘শিক্ষক ও কর্মচারীদের (স্কুল ও কলেজ) বেতন-ভাতা নির্ধারণ’ অনুচ্ছেদ ১১.৭-এর ‘ঙ’ অংশে বলা হয়েছে, “শিক্ষক-কর্মচারীদের মূল বেতন/বোনাসের নির্ধারিত অংশ/উৎসব ভাতার নির্ধারিত অংশ/বৈশাখী ভাতার নির্ধারিত অংশ সরকারের জাতীয় বেতন স্কেল-২০১৫/সরকারের সর্বশেষ জাতীয় বেতন স্কেলের সঙ্গে অথবা সরকারের নির্দেশনার সঙ্গে মিল রেখে করতে হবে।”