দীর্ঘ সময় পর আবারো বাংলাদেশের জার্সিতে দেখা যেতে পারে সাকিব আল হাসান-কে। ২০২৪ সালে ভারতের বিপক্ষে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন সাকিব। এরপর থেকে দেশের মাটিতে আসা-যাওয়া হয়নি, মামলা জটের কারণে তিনি দেশে ফিরতে পারেননি। এমনকি একবার দেশে ফেরার চেষ্টা করতে গিয়ে দুবাই থেকেও ফিরে আসতে হয়েছে তাকে।
আজ শনিবার গণমাধ্যমের মুখোমুখি হন ফারুক আহমেদ, বিসিবির সহ-সভাপতি। সাকিবের দেশে ফেরা প্রসঙ্গও উঠে আসে।
ফারুক বলেন, “সাকিবের বিষয়টা চলমান ছিল। আমি সভাপতি হওয়ার পর থেকেই চেষ্টা করছি। সাকিবের ফিটনেস এবং প্রফেশনালিজম নিয়ে কোনো সন্দেহ নেই। ক্রিকেট বোর্ড সবসময় চায় সে বাংলাদেশের হয়ে খেলুক। সাকিব আমাদের জন্য একটা অ্যাসেট এবং ব্র্যান্ড। তার ফিটনেস দেখে তাকে সিলেক্ট করা আমাদের পার্ট, তবে আইনি বিষয়গুলো সরকার দেখছে। আশা করছি আপনারা খুব দ্রুতই একটা সুখবর পাবেন।”
সম্প্রতি ঘোষিত বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ ‘এ প্লাস’ ক্যাটাগরিতে কোনো ক্রিকেটার না থাকার বিষয়ে সমালোচনা দেখা গেছে। এ প্রসঙ্গে ফারুক বলেন, “আগে সাকিব, তামিম, মুশফিকরা সব ফরম্যাটে নিয়মিত খেলতেন। এখন এমন কোনো ক্রিকেটার নেই যিনি সব ফরম্যাটে অপরিহার্যভাবে খেলছেন। হয়তো সেই কারণেই অপারেশনস কমিটি ‘এ প্লাস’ না রেখে ‘এ’ গ্রেড দিয়ে শুরু করেছে।”