রংপুরে ভেজাল ঘি তৈরির একটি কারখানায় হানা দিয়ে বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ করেছে পুলিশ। অভিযানে প্রায় পাঁচ মণ ভেজাল ঘি উদ্ধার করা হয় এবং কারখানার মালিককে আটক করা হয়েছে।
শনিবার দুপুরে পীরগাছা উপজেলার দামোদরপুর প্রেসিডেন্টের মোড় এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এ অভিযান চালায়। অভিযানে নকল ঘির পাশাপাশি বিপুলসংখ্যক খালি কৌটা, মোড়কজাত করার উপকরণ ও একটি সিলিং মেশিন জব্দ করা হয়।
আটক ব্যক্তি মাইদুল ইসলাম (৩০)। ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, তিনি ‘সিটি ঘি’ নামে নকল ঘি উৎপাদন করে বাজারজাত করছিলেন।
অভিযান-পরবর্তী বিকেলে মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, প্রায় ছয় মাস আগে ওই এলাকায় একটি বাড়ি ভাড়া নেন মাইদুল ইসলাম। সেখানে দুগ্ধজাত কোনো উপাদান ব্যবহার না করে ডালডা, পামওয়েল ও কৃত্রিম ফ্লেভার মিশিয়ে ‘সিটি ঘি’ নামে পণ্য তৈরি করা হতো এবং পরে তা বাজারে সরবরাহ করা হতো।
গোয়েন্দা পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাইদুল দীর্ঘদিন ধরে ভেজাল ঘি উৎপাদন ও বিভিন্ন এলাকায় সরবরাহের কথা স্বীকার করেছেন। এ কাজে অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
আটক মাইদুল ইসলামের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনসহ প্রযোজ্য ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।