২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩০ পি.এম

ভ্রমণক্লান্তি দূরে ঠেলে সিডনিতে অনুশীলনে ঋতুপর্ণারা

ভ্রমণক্লান্তি দূরে ঠেলে সিডনিতে অনুশীলনে ঋতুপর্ণারা

এএফসি নারী এশিয়ান কাপের চ্যালেঞ্জ নিতে অস্ট্রেলিয়ায় পৌঁছেই বিশ্রামের সুযোগ না নিয়ে প্রস্তুতিতে নেমে পড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। কঠিন প্রতিপক্ষের বিপক্ষে লড়াইয়ের আগে নিজেদের মানিয়ে নিতে ব্যস্ত ঋতুপর্ণারা।

১-২১ মার্চ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপ ফুটবলে অংশ নিতে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত সাড়ে ১২টায় সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে পৌঁছায় বাংলাদেশ দল।

দীর্ঘ ভ্রমণের ক্লান্তি কাটার আগেই শনিবার (২১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টায় কোচ পিটার বাটলারের তত্ত্বাবধানে অনুশীলনে নামে আফঈদা-ঋতুপর্ণারা। প্রায় দুই ঘণ্টা মাঠে অনুশীলনের পর জিম সেশনেও অংশ নেন ফুটবলাররা।

গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল জানিয়েছেন, ভ্রমণের ধকল থাকলেও দলের প্রস্তুতি সন্তোষজনক। বাফুফের ভিডিও বার্তায় তিনি বলেন, ‘ভ্রমণজনিত ক্লান্তি খেলোয়াড়দের মধ্যে থাকলেও তেমন কোনো ইনজুরি শঙ্কা নেই। সবাই ফিট রয়েছে। আমরা চেষ্টা করছি আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে। আমাদের ট্রেনিং ভালোই হয়েছে।’

এএফসি কর্তৃপক্ষ ২৭ ফেব্রুয়ারি থেকে অংশগ্রহণকারী দলগুলোকে নির্ধারিত টিম হোটেলে স্থানান্তর করবে। তার আগে ছয় দিন নিজস্ব ব্যবস্থাপনায় সিডনির ভ্যালেন্টাইন পার্কেই অবস্থান করবে বাংলাদেশ দল।

এবারই প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলছে বাংলাদেশ। তাই গ্রুপ পর্বে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। ৩ মার্চ সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে নয়বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করবে বাংলাদেশ।

এরপর ৬ মার্চ দ্বিতীয় ম্যাচে তিনবারের শিরোপাজয়ী উত্তর কোরিয়ার মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। আর ৯ মার্চ পার্থে গ্রুপ পর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।