২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১১ পি.এম

শহীদ মিনারে ফুল দিতে গিয়ে কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের ৬ কর্মী আটক

শহীদ মিনারে ফুল দিতে গিয়ে কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের ৬ কর্মী আটক

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে আটক ব্যক্তিদের নোয়াখালীর বিচারিক আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম।

এর আগে শুক্রবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে কোম্পানীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— মো. সোহেল (৪৫), সিরাজুল হক মঞ্জু (৩৫), শরিয়ত উল্যাহ মিলন (৪৫), মো. হুমায়ুন কবির (৪০), মো. শেখ ফরিদ (৪০) ও জাহাঙ্গীর আলম (৪৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এসব কর্মী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যান। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল— ‘মির্জা ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘কোম্পানীগঞ্জের মাটি, ওবায়দুল কাদেরের ঘাঁটি’সহ আরও কিছু স্লোগান। পরে বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।

এ বিষয়ে ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, আটক ব্যক্তিরা আওয়ামী লীগের সমর্থক বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে নোয়াখালীর বিচারিক আদালতে পাঠানো হয়েছে।