২০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৭ পি.এম

৭৯ এমপি নিয়ে ২১২ জনকে ‘তীরের মতো সোজা’ রাখার ঘোষণা আমির হামজার

৭৯ এমপি নিয়ে ২১২ জনকে ‘তীরের মতো সোজা’ রাখার ঘোষণা আমির হামজার

কুষ্টিয়া-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা বলেছেন, বিরোধী দলের ৭৯ জন এমপির সঙ্গে মিলিত হয়ে সরকারি দলের ২১২ জন সংসদ সদস্যকে “তীরের মতো সোজা” রাখার চেষ্টা করবেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কুষ্টিয়া শহরের ত্রিমোহনী কেন্দ্রীয় জামে মসজিদে খুতবার আগে তিনি এ মন্তব্য করেন।

মুফতি আমির হামজা বলেন, “চরমোনাইয়ের একজনসহ আমরা ৭৮ জন, শেরপুরের একজন বাকি—মোট ৭৯ জন। আর বাকি আছে ২১১ জন সংসদ সদস্য। আমরা ১০০ ভাগ চেষ্টা চালাব এই ৭৯ জন মিলে তাদের তীরের মতো সোজা করে রাখতে। যদি এদিক-ওদিক করে, আমরা চেপে ধরব—সংসদের ভেতরে হোক বা বাইরে।”

তিনি আরও বলেন, দলীয় পরিচয়ের ভিত্তিতে নয়, ন্যায়-অন্যায়ের ওপর ভিত্তি করে অবস্থান নেবেন। তার ভাষায়, “চাঁদাবাজি আমাদের দলের লোক করলে সমস্যা নেই, আর অন্য দলের করলে ধরা লাগবে—এটা ন্যায়বিচার নয়। মানুষ হলেই তার প্রতি হিসাব থাকবে।”

নবনির্বাচিত এমপি যোগ করেন, “আমি এমপি হিসেবে ১ লাখ ৮৩ হাজার ভোট পেয়েছি, কিন্তু সাড়ে চার লাখ ভোটারের সবাই আমার। সবাইকে ভাই-বোনের মতো মনে করি। ইনশাআল্লাহ আগামী পাঁচ বছর দায়িত্ব সঠিকভাবে পালন করব।”

এর আগে সকাল ৯টার দিকে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে কার্যক্রম শুরু করেন মুফতি আমির হামজা। এ সময় দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।