২০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৬ পি.এম

চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ১ ও ২ টাকায় ইফতার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ১ ও ২ টাকায় ইফতার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে রমজান মাসে ১ ও ২ টাকায় ইফতার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মাসব্যাপী চলা এই উদ্যোগ পথচারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম ওরফে রফিক চাইনিজের নেতৃত্বে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে প্রথম রোজা থেকে ১ টাকায় ইফতার বিতরণ শুরু হয়েছে। এই ইফতারে কলা, খেজুর, বেগুনি, পেঁয়াজু, জিলাপি, শশা-গাজরসহ মোট ১৫ ধরনের ইফতার সামগ্রী দেওয়া হচ্ছে। তিনি জানিয়েছেন, রমজান মাসজুড়ে এই কার্যক্রম চলবে।

অপরদিকে, চাঁপাইনবাবগঞ্জ জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে দ্বিতীয় রমজান থেকে শাহনেয়ামুল্লাহ কলেজের সামনে ২ টাকায় ইফতার বিতরণ করা হচ্ছে। এতে জেলা যুবদলের সদস্য সচিব বাবর আলী রুমন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুল আরেফিন সিদ্দিক বুলু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল হক ও শ্রমিক নেতা কামাল হোসেনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রিকশাচালক কাদের আলী বলেন, “যাত্রী নিয়ে এ সড়ক দিয়ে যাচ্ছিলাম। পথে দেখলাম এখানে ইফতার বিতরণ হচ্ছে। আমাকে একটি প্যাকেট দিয়ে মাত্র এক টাকা নেওয়া হলো।”

পথচারী আসলাম আলী বলেন, “যদি সমাজের বিত্তবান সবাই এগিয়ে আসে, তাহলে আমাদের মতো গরিবদের আর কষ্ট থাকবে না।”

শ্রমিক নেতা কামাল হোসেন বলেন, “আমরা অসহায় ও দুঃস্থ মানুষের পাশে নিয়মিতভাবে দাঁড়াতে চাই। মানবিক দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।”

জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম বলেন, “পুরো রমজান মাসজুড়ে ধারাবাহিকভাবে এই ইফতার বিতরণ চলবে। রমজানে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল উদ্দেশ্য।”