২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৬ পি.এম

তিন দিনের সফরে কক্সবাজারে প্রধান নির্বাচন কমিশনার

তিন দিনের সফরে কক্সবাজারে প্রধান নির্বাচন কমিশনার

তিন দিনের ব্যক্তিগত সফরে কক্সবাজারে পৌঁছেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে আসেন তিনি। সেখানে জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান, জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানসহ ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা সিইসিকে স্বাগত জানান।

বিমানবন্দর থেকে সিইসির গাড়ি বহর কক্সবাজার সার্কিট হাউজে পৌঁছায়, যেখানে তার রাত্রিযাপন হবে।

নির্বাচন কমিশন সচিবালয়ের অফিস আদেশ অনুযায়ী, শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে তিনি নিজ জন্মস্থান কুতুবদিয়ার উদ্দেশে রওনা দেবেন। সেখানে পৌঁছে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। বিকেলে কুতুবদিয়া থেকে ফের কক্সবাজারে ফিরে সার্কিট হাউজে অবস্থান করবেন।

জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান জানিয়েছেন, এটি ব্যক্তিগত সফর এবং রোববার সকালে তিনি বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন।

উল্লেখ্য, সিইসি নাসির উদ্দিন ১৯৫৩ সালের ১ জুলাই কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। প্রায় ৩৫ বছর পর প্রধান নির্বাচন কমিশনার হিসেবে তিনি ১৭ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়িয়েছেন।