২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৬ পি.এম

সাকাকে নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা আর্সেনালের

সাকাকে নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা আর্সেনালের

ইংলিশ ফুটবলে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনায় বড় বার্তা দিল আর্সেনাল। ক্লাবটির সঙ্গে নতুন চুক্তিতে আবদ্ধ হয়েছেন তারকা ফরোয়ার্ড বুকায়ো সাকা।

ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে সাকার চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে নতুন চুক্তির নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।

তবে ব্রিটিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ২০৩০ সালের জুন পর্যন্ত আর্সেনালের সঙ্গে নিজের ভবিষ্যৎ নিশ্চিত করেছেন সাকা। এর আগে তার বর্তমান চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সাল পর্যন্ত।

নতুন চুক্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সাকা বলেন,
“আমার দারুণ লাগছে। আমার মতে, এটা আমার ও আমার পরিবারের জন্য অসাধারণ এক মুহূর্ত। এই ক্লাবে যাত্রা অব্যাহত রাখতে পেরে খুব আনন্দিত।”

তিনি আরও বলেন,
“এই ক্লাবের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেওয়াটা আমার জন্য ছিল সহজ এবং এখানে আমি সবকিছু জয়ের প্রত্যাশা করি।”

মাত্র আট বছর বয়সে আর্সেনালের একাডেমিতে যোগ দেন সাকা। ২০১৮ সালে প্রথমবার মূল দলে অভিষেকের পর থেকে ধীরে ধীরে দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়ে পরিণত হয়েছেন তিনি। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে আর্সেনালের জার্সিতে ২৯৭ ম্যাচে ৭৮টি গোল করেছেন এই ইংলিশ তারকা।

চলতি মৌসুমে একাধিক শিরোপা জয়ের দৌড়েও শক্ত অবস্থানে রয়েছে আর্সেনাল। চ্যাম্পিয়নস লিগে আট ম্যাচের সবকটিতে জয় পেয়ে নকআউট পর্বে উঠেছে দলটি। আর প্রিমিয়ার লিগে ২৭ ম্যাচ শেষে ৫৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা।