২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৬ পি.এম

ফেনীতে চাঁদাবাজি দমনে হটলাইন চালু করলেন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

ফেনীতে চাঁদাবাজি দমনে হটলাইন চালু করলেন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

ফেনী-৩ (সোনাগাজী–দাগনভূঞা) আসনের সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু নিজের নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও অপরাধ দমনের জন্য একটি হটলাইন চালু করেছেন। আজ শুক্রবার তাঁর মিডিয়া সেলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো অনিয়ম, চাঁদাবাজি বা অপরাধ সংক্রান্ত তথ্য সরাসরি জানাতে এই হটলাইন চালু করা হয়েছে। অভিযোগ জানাতে ফোন করা যাবে ০১৭৩০০০৪৮৪৪ নম্বরে, এছাড়াও অনলাইনে অভিযোগ করা সম্ভব www.aamintoo.com ওয়েবসাইটের মাধ্যমে।

মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক ছলিম উল্লাহ জানিয়েছেন, “চাঁদাবাজি, সন্ত্রাস ও অন্যায়ের বিরুদ্ধে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছি। হটলাইনে পাওয়া অভিযোগ গুরুত্ব সহকারে যাচাই-বাছাই করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্থানীয়রা এই উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং আশা করছেন, এর ফলে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাস কমে যাবে।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জনের পর গঠিত নতুন মন্ত্রিসভায় তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারে আবদুল আউয়াল মিন্টুকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।