দুই বাংলার সাহিত্যজগতে শোকের ছায়া। জনপ্রিয় কথাসাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, যিনি পাঠকমহলে ‘শংকর’ নামেই সমধিক পরিচিত, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।
তার কলমে জন্ম নিয়েছে বাংলা সাহিত্যের বহু কালজয়ী উপন্যাস— চৌরঙ্গী, সীমাবদ্ধ, জন অরণ্য, ঘরের মধ্যে ঘর, নিবেদিতা রিসার্চ ল্যাবরেটরিসসহ আরও অনেক আলোচিত গ্রন্থ। সাহিত্যজগতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি সাহিত্য অ্যাকাডেমি ও বঙ্কিম পুরস্কারসহ একাধিক সম্মাননায় ভূষিত হন।
১৯৩৩ সালের ৭ ডিসেম্বর অবিভক্ত ভারতের চব্বিশ পরগনায় জন্মগ্রহণ করেন মণিশংকর মুখোপাধ্যায়। সাহিত্যজীবনের সূচনা ঘটে ১৯৫৫ সালে, যখন তার প্রথম বই প্রকাশিত হয়। পরবর্তীতে চৌরঙ্গী, সীমাবদ্ধ এবং জন অরণ্য তাকে বিপুল পাঠকপ্রিয়তা এনে দেয়।
এই তিনটি উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রও নির্মিত হয়েছে, যা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে বিশেষ স্থান করে নিয়েছে। ২০১৬ সালে তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট ডিগ্রিতে সম্মানিত হন। ২০১৯ সালে এক বছরের জন্য কলকাতার শেরিফ পদে মনোনয়ন পান। ২০২০ সালে একা একা একাশি বইটির জন্য অর্জন করেন সাহিত্য অকাদেমি পুরস্কার।
কর্মজীবনের শুরুতে তিনি কলকাতা হাই কোর্টে ব্রিটিশ ব্যারিস্টার নোয়েল ফ্রেডেরিক বারওয়েলের মুহুরি হিসেবে কাজ করেছিলেন। নোয়েল ফ্রেডেরিক বারওয়েল ছিলেন কলকাতার আদালতে নিয়োগপ্রাপ্ত শেষ ইংরেজ আইনজীবী।
‘শংকর’-এর প্রয়াণে বাংলা সাহিত্য হারাল এক উজ্জ্বল নক্ষত্র, যার সৃষ্টিকর্ম প্রজন্মের পর প্রজন্ম পাঠকের হৃদয়ে বেঁচে থাকবে।