দেশকে মাদক, সন্ত্রাস ও কিশোরগ্যাংয়ের কবল থেকে মুক্ত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। নকলবিরোধী অভিযানের মতো একই কৌশলে সামাজিক অপরাধ নির্মূলে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এহছানুল হক মিলন বলেন, কচুয়া উপজেলাকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও ইভটিজিংমুক্ত করা হবে। যেভাবে কচুয়া থেকে নকলমুক্ত এর যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবে যাত্রা শুরু হবে। দুর্নীতিমুক্ত এর যাত্রাও কচুয়া থেকে শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এসব বাস্তবায়ন করা হবে।
শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর এদিনই প্রথমবারের মতো নিজ জেলা চাঁদপুরের কচুয়ায় সফর করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার মো. রবিউল হাসানসহ প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।