আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ উপলক্ষে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ১৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
ডিএমপি কমিশনার বলেন, নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। তারপরও সতর্কতার অংশ হিসেবে ডগ স্কোয়াড ও বোম ডিসপোজাল ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। মহান শহীদ দিবস উপলক্ষে নেওয়া নিরাপত্তা ব্যবস্থা শুধু শহীদ মিনার এলাকায় নয়, পুরো ঢাকাজুড়ে কার্যকর থাকবে।
তিনি আরও জানান, একুশের প্রহর শুরুর আগে সন্ধ্যা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিছু সড়কে যান চলাচলে ডাইভারশন দেওয়া হবে।
এ সময় ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার বলেন, ঢাবি এলাকায় মোট সাতটি ডাইভারশন থাকবে, যাতে যানজট নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করা যায়।