ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনকে সব ধরনের অনিয়ম, সন্ত্রাস এবং চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। বৃহস্পতিবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে তিনি এই ঘোষণা দেন।
পরিবেশমন্ত্রী তার পোস্টে উল্লেখ করেন, সোনাগাজী ও দাগনভূঞা এলাকাকে অপরাধমুক্ত রেখে একটি সুন্দর ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে বর্তমান প্রশাসন দৃঢ়প্রতিজ্ঞ। তিনি স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন, একটি আদর্শ সমাজ বিনির্মাণে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা একান্ত প্রয়োজন। যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি আশ্বস্ত করেন যে, অপরাধ সংক্রান্ত তথ্য প্রদানকারীদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান বা ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে মন্ত্রী সরাসরি অভিযোগ জানানোর জন্য একটি হটলাইন নম্বর (০১৭৩০০০৪৮৪৪) জনসম্মুখে প্রকাশ করেছেন। তিনি সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি অপরাধ দমনে একে অপরকে উদ্বুদ্ধ করার অনুরোধ জানান। এলাকার শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করছেন।