১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৫ পি.এম

আসামির স্বজনদের হামলায় ৯ পুলিশ সদস্য আহত, গ্রেফতার ৫

আসামির স্বজনদের হামলায় ৯ পুলিশ সদস্য আহত, গ্রেফতার ৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আদালতের পরোয়ানাভুক্ত এক নারী আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে রণক্ষেত্রের সৃষ্টি হয়েছে। আসামির স্বজন ও স্থানীয়দের হামলায় এক নারী সদস্যসহ পুলিশের ৯ জন সদস্য আহত হয়েছেন। এই সুযোগে পুলিশের হেফাজত থেকে ওই আসামিকে ছিনিয়ে নিয়েছে উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থল থেকে ৫ জনকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের রসুলপুর এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রসুলপুর গ্রামের জুলহাস মিয়ার স্ত্রী আসমা বেগম একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে গ্রেপ্তারের জন্য বুধবার রাতে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। আসমাকে আটক করার পর তিনি অসুস্থতার ভান করলে তার আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা জড়ো হয়ে পুলিশের ওপর চড়াও হয়। একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালানো হয় এবং প্রায় এক ঘণ্টা কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখা হয়। এই বিশৃঙ্খলার মধ্যেই পুলিশের হাত থেকে আসমাকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তার স্বজনরা।

হামলায় থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) অজিত, এএসআই আরিফ, ফারুক, সাইফুল, নিজামসহ ৯ জন সদস্য আহত হন। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে অবরুদ্ধ সদস্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পরিদর্শক রিপন কুমার সরকার জানান, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত ৫ জনকে আজ বৃহস্পতিবার জেলা আদালতে প্রেরণ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানানো হবে। পালিয়ে যাওয়া আসামি আসমাসহ হামলায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।