সংগঠনের আদর্শ পরিপন্থী কর্মকাণ্ড ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনসিপির আইনজীবীদের সংগঠন ন্যাশনাল ল ইয়ার্স অ্যালায়েন্সের যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট নাজমুস সাকিবকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সংগঠনের দপ্তর সদস্য অ্যাডভোকেট আমিনা আক্তার লাভলী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বহিষ্কারাদেশের চিঠিতে উল্লেখ করা হয়, গত ১ ফেব্রুয়ারি নাজমুস সাকিবের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ ওঠায় তাকে কারণ দর্শানোর নোটিশসহ সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল। ৫ ফেব্রুয়ারি তিনি ওই নোটিশের লিখিত জবাব দাখিল করেন। তবে সেই ব্যাখ্যা সংগঠনের কাছে সন্তোষজনক মনে হয়নি।
চিঠিতে আরও বলা হয়, সহকর্মীদের সাথে অশালীন ও কুরুচিপূর্ণ আচরণ, ঔদ্ধত্য প্রদর্শন এবং সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী বিভিন্ন কর্মকাণ্ডের সত্যতা পাওয়ায় শৃঙ্খলা উপ-কমিটির সুপারিশক্রমে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। সংগঠনের আহ্বায়ক ও সদস্য সচিবের অনুমোদন সাপেক্ষে তাকে যুগ্ম সদস্য সচিবের পদসহ সংগঠনের প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি প্রদান করা হলো।