জনপ্রিয় নাট্য অভিনেত্রী মনিরা মিঠুর বড় ছেলে উপন্যাস রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) উত্তরার তুরাগ থানা এলাকায় একটি দ্রুতগামী প্রাইভেটকার অভিনেত্রীর গাড়িকে ধাক্কা দেওয়ার পর তার সন্তানকে মারধর করা হয়। এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মনিরা মিঠু।
অভিনেত্রীর দেওয়া তথ্যমতে, ঢাকা-মেট্রো-ঘ-১৬-০৯০৫ নম্বরের একটি ব্যক্তিগত গাড়ি উচ্চগতিতে এসে পেছন থেকে তার গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার প্রতিবাদ করতে গাড়ি থেকে নামলে প্রতিপক্ষ গাড়ির দুই আরোহী উপন্যাসের ওপর চড়াও হন এবং তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করেন। এই অনাকাঙ্ক্ষিত হামলায় তার সন্তান রক্তাক্ত হয়েছেন বলেও দাবি করেন তিনি।
পরবর্তীতে ফেসবুকে দেওয়া এক পোস্টে মনিরা মিঠু অভিযুক্ত এক ব্যক্তির ছবি প্রকাশ করেন এবং জানান যে, ওই ব্যক্তিই গাড়ির মালিক এবং মারধরের সময় উপস্থিত ছিলেন। ঘটনাস্থলে উপস্থিত পথচারীরা পুরো ঘটনার ভিডিও ধারণ করেছেন বলেও উল্লেখ করেন তিনি। ছেলের ওপর এমন অমানবিক হামলার বিচার চেয়ে এই অভিনেত্রী রাজধানীর তুরাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করতে যাচ্ছেন।