১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৮ পি.এম

ভুলে খেলে কি রোজা ভেঙে যায়?

ভুলে খেলে কি রোজা ভেঙে যায়?

রোজার শুরুতে অভ্যাসের অভাবে অনেকেই ভুলবশত কিছু খেয়ে বা পান করে ফেলেন। এরপরই মনে প্রশ্ন জাগে—এতে কি রোজা ভেঙে গেল? ইসলামি শরিয়তে এ বিষয়ে রয়েছে স্পষ্ট নির্দেশনা।

ইসলামি সূত্র অনুযায়ী, ভুলে বা অনিচ্ছাকৃতভাবে কিছু খাওয়া বা পান করলে রোজা ভঙ্গ হয় না। এ অবস্থায় রোজা চালিয়ে যেতে হবে। এ বিষয়ে হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

إِذَا نَسِيَ فَأَكَلَ وَشَرِبَ، فَلْيُتِمَّ صَوْمَهُ، فَإِنَّمَا أَطْعَمَهُ اللهُ وَسَقَاهُ

‘যখন কেউ ভুলে খেয়ে বা পান করে ফেলে, সে যেন তার রোজা পূর্ণ করে। কেননা আল্লাহ তাআলাই তাকে পানাহার করিয়েছেন।’ (বুখারি ১৯৩৩)

এছাড়া বুখারি শরিফের (১/২৫৯) বর্ণনাতেও একই বিষয় উল্লেখ রয়েছে।

তবে কেউ যদি ভুলে কিছু খাওয়ার পর মনে করেন যে তার রোজা ভেঙে গেছে এবং সেই ধারণা থেকে ইচ্ছাকৃতভাবে আবার খাওয়া বা পান করা শুরু করেন, তাহলে তার রোজা ভঙ্গ হবে। সে ক্ষেত্রে ওই দিনের একটি রোজা পরে কাজা করতে হবে। তবে এর জন্য কাফফারা ওয়াজিব হবে না।

ফিকহের বিভিন্ন গ্রন্থ—কিতাবুল আছল (২/১৫৫), বাদায়েউস সানায়ে (২/২৫৮), খিজানাতুল আহকাম (১/৩০০), ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া (১/২২৪), আল-মুহিতুল বুরহানি (৩/৩৬৬), খুলাসাতুল ফাতাওয়া (১/২৫৮) ও রদ্দুল মুহতার (২/৪০৫)—এ বিষয়ে একই বিধান উল্লেখ করা হয়েছে।

এ ধরনের ভুলের জন্য আল্লাহ তাআলার কাছে তাওবা ও ইসতেগফার করা উত্তম বলে আলেমরা পরামর্শ দিয়েছেন।