১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৫ এ.এম

নতুন সরকারের শপথ গ্রহণ উপলক্ষ্যে বন্ধ থাকবে রাজধানীর যেসব রাস্তা

নতুন সরকারের শপথ গ্রহণ উপলক্ষ্যে বন্ধ থাকবে রাজধানীর যেসব রাস্তা


নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) ও মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে রাজধানীতে সম্ভাব্য যানজট মোকাবিলায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্দিষ্ট সড়কে যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হবে।


সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, শপথ অনুষ্ঠান চলাকালে সংসদ ভবনের সামনের খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেক রোডে যান চলাচল সীমিত থাকবে। সাময়িক এই নিয়ন্ত্রণের কারণে সৃষ্ট চাপ সামাল দিতে ট্রাফিক বিভাগ বিকল্প পথ বা ডাইভারশন নির্ধারণ করেছে।


বিকল্প চলাচল নির্দেশনা:


১. মিরপুর রোড থেকে ফার্মগেট (মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে):

উত্তর দিক থেকে মিরপুর রোড হয়ে আসা ফার্মগেট/সোনারগাঁওমুখী যানবাহন প্রতিরক্ষা গ্যাপ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং হয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে যাবে।


২. ধানমন্ডি থেকে ফার্মগেট:

ধানমন্ডি-২৭ থেকে আসা যানবাহন আসাদগেট-প্রতিরক্ষা গ্যাপ হয়ে ডানে মোড় নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং হয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিং অভিমুখে চলবে।


৩. আসাদগেট থেকে ফার্মগেট:

আসাদগেট থেকে বামে মোড় নিয়ে গণভবন ক্রসিং (জুলাই স্মৃতি জাদুঘর), প্রতিরক্ষা গ্যাপ হয়ে ডানে মোড় নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং হয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেট যাবে।


৪. এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ইন্দিরা রোড থেকে ধানমন্ডি:

খেজুর বাগান ক্রসিং হয়ে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে বামে মোড় নিয়ে প্রতিরক্ষা গ্যাপ হয়ে বামে মোড় নিয়ে আসাদগেট দিয়ে ধানমন্ডির দিকে যেতে হবে।


৫. মিরপুর রোড থেকে ধানমন্ডি (দক্ষিণমুখী):

মানিক মিয়া অ্যাভিনিউয়ের ব্লকেড সরিয়ে নেওয়া হবে। ফলে মিরপুর রোড থেকে দক্ষিণমুখী যানবাহন শ্যামলী-শিশুমেলা-গণভবন (জুলাই স্মৃতি জাদুঘর)-আসাদগেট হয়ে সরাসরি ধানমন্ডি-২৭ অভিমুখে চলতে পারবে।


৬. এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদের জন্য:

যানজট এড়াতে ফার্মগেট এক্সিট র‌্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র‌্যাম্প ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে।


ডিএমপি সকল প্রকার যানবাহন চালকদের মঙ্গলবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউ ও লেক রোড এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ব্যবস্থাপনা কার্যকর রাখতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।