অ্যাপলের ‘সাশ্রয়ী’ আইফোন লাইনে যুক্ত হতে যাচ্ছে নতুন সংযোজন। খুব শিগগিরই উন্মোচন হতে পারে আইফোন ১৭ই—এমনটাই জানিয়েছেন ব্লুমবার্গের প্রযুক্তি বিশ্লেষক মার্ক গারম্যান। তিনি দাবী করেন, ডিভাইসটি “অতি শিগগিরই” বাজারে আসবে।
এর আগে iPhone 16e উন্মোচিত হয়েছিল ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি। সেই ধারাবাহিকতায় ফেব্রুয়ারিতেই নতুন সংস্করণ আসা অস্বাভাবিক নয় বলেই মনে করছেন বিশ্লেষকেরা।
নতুন মডেলে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে প্রসেসরে। এতে এ১৯ চিপ ব্যবহারের সম্ভাবনার কথা বলা হচ্ছে। পাশাপাশি যুক্ত হতে পারে ম্যাগসেফ চার্জিং সুবিধা, যা আগের সংস্করণে ছিল না। গারম্যানের মতে, ডিভাইসটিতে অ্যাপলের নিজস্ব তৈরি সর্বশেষ সেলুলার ও ওয়্যারলেস চিপও থাকবে—অর্থাৎ অভ্যন্তরীণ হার্ডওয়্যারে বড় আপগ্রেড দেখা যেতে পারে।
সবচেয়ে আলোচিত বিষয় হলো দাম। ধারণা করা হচ্ছে, iPhone 17e–এর মূল্য ৫৯৯ ডলারই রাখা হবে, যা আগের মডেলের সমান। ফলে ক্রেতাদের জন্য মূল্যবৃদ্ধির আশঙ্কা আপাতত নেই।
তবে একটি বিষয় এখনো স্পষ্ট নয়। আগে শোনা গিয়েছিল, নতুন মডেলে ‘ডাইনামিক আইল্যান্ড’ ফিচার যুক্ত হতে পারে। বর্তমানে ১৬ই সংস্করণে রয়েছে নচ ডিজাইন, সেখানে ডাইনামিক আইল্যান্ড নেই। কিন্তু এ বিষয়ে গারম্যান নির্দিষ্ট কোনো তথ্য দেননি।
প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, ২০২৬ সাল অ্যাপলের জন্য ব্যস্ততম সময় হতে যাচ্ছে। বছরজুড়ে একাধিক আইফোন উন্মোচনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নতুন আইপ্যাড ও আইপ্যাড এয়ার বাজারে আসতে পারে শিগগিরই। ডিজাইনে বড় পরিবর্তন না এলেও চিপ আপডেট হওয়ার সম্ভাবনা রয়েছে।
iPad mini–তেও বড় পরিবর্তনের আভাস মিলেছে। প্রথমবারের মতো এতে ওএলইডি ডিসপ্লে যুক্ত হতে পারে। এ ছাড়া ১৪ ও ১৬ ইঞ্চির নতুন ম্যাকবুক প্রো বাজারে আসার কথা রয়েছে। MacBook Air–এ যুক্ত হতে পারে এম৫ চিপ। পরবর্তী সময়ে উন্মোচিত হতে পারে নতুন ম্যাক স্টুডিও।
সব মিলিয়ে, অ্যাপলের নতুন পণ্যের যাত্রা শুরু হতে পারে আইফোন ১৭ই দিয়ে। এখন অপেক্ষা কেবল আনুষ্ঠানিক ঘোষণার।