লেবানন-সিরিয়া সীমান্ত ঘেঁষা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত চারজনের প্রাণহানি ঘটেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়, ভোরের দিকে
সীমান্তসংলগ্ন এলাকায় একটি গাড়িকে লক্ষ্য
করে হামলা চালানো হয়। বিস্ফোরণে ঘটনাস্থলেই
চারজন নিহত হন।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে,
নিহতদের মধ্যে একজন সিরীয় নাগরিক
রয়েছেন। তার নাম খালেদ
মোহাম্মদ আল-আহমাদ।
হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী দায় স্বীকার করে
জানিয়েছে, লেবাননে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ (পিআইজে) সদস্যদের লক্ষ্য করে এ অভিযান
চালানো হয়েছে। তবে তাদের দাবির
পক্ষে কোনো প্রমাণ প্রকাশ
করা হয়নি। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, লেবাননের মাজদাল আনজার এলাকায় এ হামলা পরিচালিত
হয়। ঘটনার পরপরই পিআইজের পক্ষ থেকে কোনো
প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ফিলিস্তিনি ইসলামিক জিহাদ (পিআইজে) অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডভিত্তিক একটি সশস্ত্র সংগঠন,
যা গাজায় হামাসের সঙ্গে সমন্বয়ে একটি স্বাধীন ফিলিস্তিনি
রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করছে। সংগঠনটি
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ-র ঘনিষ্ঠ মিত্র
হিসেবেও পরিচিত।
উল্লেখ্য, ইসরায়েল ও হিজবুল্লাহ ২০২৪ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে সেই চুক্তির পরও লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েল প্রায় প্রতিদিন হামলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।