১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪২ পি.এম

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৯৯৯-এ ৮৩৮০টি কল, অভিযোগ ৩৭১৩

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৯৯৯-এ ৮৩৮০টি কল, অভিযোগ ৩৭১৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়ে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’-এ মোট ৮ হাজার ৩৮০টি কল এসেছে, যার মধ্যে ৩ হাজার ৭১৩টি কল ছিল বিভিন্ন অভিযোগ সংক্রান্ত।

রোববার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর প্রধান অতিরিক্ত ডিআইজি মহিউল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, “নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৯৯৯ একটি বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করে, যা ২২ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ২৪ ঘণ্টা কার্যক্রম চালু ছিল।”

প্রাপ্ত কলের মধ্যে আচরণবিধি লঙ্ঘন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিষিদ্ধ সময়ে প্রচারণা, ভোটকেন্দ্রে অনিয়ম এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত ৩ হাজার ৭১৩টি অভিযোগ এসেছে। এসব অভিযোগ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানা, জেলা ও মেট্রোপলিটন পুলিশ এবং রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়। পরবর্তীতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

অন্য ৪ হাজার ৬৬৭টি কল ছিল নির্বাচনী তথ্য জানতে চেয়ে।

মহিউল ইসলাম আরও জানান, “স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘আইন-শৃঙ্খলা সমন্বয় সেল’-এর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে নাগরিকদের জরুরি সহায়তা প্রদান করা হয়েছে। নির্বাচনকালীন পুরো সময় জুড়ে ৯৯৯ সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে অভিযোগগুলো নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে।”