রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোর রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং অভিযুক্ত আব্দুল বারেক খান (৫৫)কে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত মেহেদী হাসান শুভ (২৫) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকা জোগাড় করতে গিয়ে তিনি প্রায়ই বাবা-মায়ের ওপর শারীরিক নির্যাতন চালাতেন এবং এলাকার লোকজনের সঙ্গেও বিরোধে জড়াতেন। এ কারণে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে দীর্ঘদিন ধরে আতঙ্কের পরিবেশ ছিল।
স্বজনদের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন সকালে শুভ তার বাবার কাছে ৩ লাখ টাকা দাবি করেন। টাকা না পেয়ে তিনি বাড়িতে ভাঙচুর করেন। পরে সন্ধ্যায় স্থানীয় বাজার থেকে একটি দা কিনে বাড়িতে ফেরেন এবং টাকা না দিলে মা-বাবাকে জবাই করে হত্যার হুমকি দেন। বিষয়টি মা খুশি বেগম স্বামীকে জানালে সম্ভাব্য বিপদের আশঙ্কায় তিনি রাতে আলাদা ঘরে ঘুমান।
কাঠালিয়া থানা-পুলিশ জানায়, ভোর রাত ৩টার দিকে আব্দুল বারেক খান ঘুমন্ত অবস্থায় ছেলেকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। ঘটনার পর তিনি নিজেই ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে কাঠালিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় নিহতের মা খুশি বেগম বাদী হয়ে স্বামী আব্দুল বারেক খানকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।
ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার (কাঠালিয়া-রাজাপুর সার্কেল) মো. শাহ আলম। তিনি বলেন, "নিহত যুবক মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই পরিবারের সদস্যদের মারধর করতেন। ঘটনার রাতে ৩ লাখ টাকা দাবি করে বাবা-মাকে হত্যার হুমকি দেন। এতে আতঙ্কিত ও অতিষ্ঠ হয়ে বাবা এ ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"