১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৯ পি.এম

পল্টনে ছিনতাইকারীর কবলে ঢাবি শিক্ষার্থী

পল্টনে ছিনতাইকারীর কবলে ঢাবি শিক্ষার্থী

রাজধানীর পল্টন মোড় এলাকায় রিকশাযোগে যাওয়ার পথে ছিনতাইকারীর হিংস্র আক্রমণের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী।

শনিবার রাত ৮টার দিকে ঘটা এই ঘটনায় ছিনতাইকারীরা মোহনা জামান (২৫) নামের ওই শিক্ষার্থীর কানের লতি ছিঁড়ে স্বর্ণের দুল লুটে নেয়। গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থী নিজেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে জরুরি বিভাগে চিকিৎসা গ্রহণ করেছেন।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, রাতে তিনি কমলাপুর স্টেশন থেকে রিকশায় চড়ে বিশ্ববিদ্যালয়ের হলের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথিমধ্যে পল্টন মোড় অতিক্রম করার সময় পেছন থেকে ওত পেতে থাকা ছিনতাইকারীরা অতর্কিতে তার বাম কানের দুল লক্ষ্য করে হ্যাঁচকা টান দেয়। এতে তার কানের লতি দ্বিখণ্ডিত হয়ে ছিঁড়ে যায় এবং দুলটি নিয়ে দুষ্কৃতকারীরা দ্রুত পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তিনি একাই হাসপাতালে পৌঁছাতে সক্ষম হন।

আহত মোহনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী এবং বর্তমানে রোকেয়া হলে অবস্থান করছেন। তার স্থায়ী নিবাস যশোরের চৌগাছা উপজেলায়। তিনি বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিচ্ছেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত শিক্ষার্থী হাসপাতালের নাক, কান ও গলা বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা শেষে তিনি হাসপাতাল ত্যাগ করেছেন। এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।