ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছার নিদর্শন হিসেবে তিনি বিএনপি প্রধানের জন্য নির্বাচনী উত্তরীয়, রঙিন ফুলের তোড়া ও মিষ্টি পাঠিয়েছেন।
শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই উপহার সামগ্রী এসে পৌঁছায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পাঠানো এই শুভেচ্ছা উপহার গ্রহণ করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। এ সময় উপস্থিত ছিলেন গুলশান কার্যালয়ের বিশেষ কর্মকর্তা মেহেদুল ইসলাম মেহেদীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ধারাবাহিকতায় আজ ব্যক্তিগতভাবে এই শুভেচ্ছা ও মিষ্টি পাঠানোর মধ্য দিয়ে তিনি নবনির্বাচিত নেতৃত্বের প্রতি সৌহার্দ্য প্রকাশ করলেন।