১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩২ পি.এম

সন্ধ্যার পর রাজধানীতে প্রাইভেটকারে আগুন

সন্ধ্যার পর রাজধানীতে প্রাইভেটকারে আগুন

রাজধানীর মোহাম্মদপুরে চলন্ত অবস্থায় একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো গাড়িটি পুড়ে যায়। তবে চালক নিরাপদে বের হয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুর কলেজ গেট মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নোহা মডেলের একটি গাড়ি চলার সময় হঠাৎ আগুন ধরে যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গেই চালক দ্রুত গাড়ি থেকে নেমে পড়েন। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো গাড়িকে গ্রাস করে ফেলে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, “কলেজ গেটে হঠাৎই একটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গাড়ির ত্রুটির কারণে এমনটা হয়েছে। হয়তো গ্যাসের কোনো লিকেজ থেকে ঘটনাটি ঘটেছে।”

তিনি আরও জানান, গাড়িটি গণস্বাস্থ্যের মেডিসিন বিভাগের এবং ঘটনাটিতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।