১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২২ পি.এম

রূপগঞ্জে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা

রূপগঞ্জে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির একটি কার্যালয়ে ভোররাতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের ভেতরের আসবাবপত্রসহ বিভিন্ন সামগ্রী পুড়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় নেতারা।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবজেল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ভোরে উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত দলীয় কার্যালয় লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আউয়াল জানান, দুর্বৃত্তরা কার্যালয়ের জানালার কাচ ভেঙে ভেতরে পেট্রোল বোমা ছুড়ে দেয়। এতে আগুন লেগে ভেতরের আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে যায়। তিনি দাবি করেন, আগুনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন তারেক রহমান এবং নবনির্বাচিত এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুসহ উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের ছবিও নষ্ট হয়েছে। এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু বলেন, রাতের অন্ধকারে হামলা চালিয়ে দলকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে। তাঁর অভিযোগ, নবনির্বাচিত এমপি দিপু ভুঁইয়ার বিজয় মেনে নিতে না পারা একটি পক্ষ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে তিনি নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো উসকানিতে পা না দিতে।

ঘটনাস্থলের পাশের একটি উন্নয়ন প্রকল্পের প্রহরী মোহাম্মদ খলিল জানান, ফজরের নামাজের আগে এক অজ্ঞাত ব্যক্তি তাকে বাইরে বের হলে মারধরের হুমকি দেয়। পরে তিনি কার্যালয়ের ভেতরে আগুন জ্বলতে দেখেন।

ওসি সাবজেল হোসেন বলেন, অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।