১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৩ পি.এম

রূপগঞ্জে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ

রূপগঞ্জে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির একটি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এই হামলা চালানো হয়।

৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আউয়াল জানান, শনিবার ভোররাতে জানালার কাচ ভেঙে দুর্বৃত্তরা কার্যালয়ের ভেতরে পেট্রোল বোমা নিক্ষেপ করে। তিনি বলেন,
“শনিবার ভোর রাতে আমাদের ওয়ার্ড বিএনপির কার্যালয়ে জানালার গ্লাস ভেঙে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। ভেতরে থাকা সব মালামাল এমনকি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ নবনির্বাচিত এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুসহ উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকের ছবি পুড়ে গেছে। এতে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়।”

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু এ ঘটনাকে পরিকল্পিত হামলা হিসেবে উল্লেখ করে বলেন,
“রাতের আঁধারে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে হামলা করে বিএনপিকে ভয় ভীতি দেখানোর দুঃসাহস দেখাচ্ছে একটি পক্ষ। নবনির্বাচিত এমপি মুস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়ার বিজয়কে যারা মেনে নিতে পারেনি, তারাই এ হামলায় জড়িত থাকতে পারে। তবে হামলাকে কেন্দ্র করে রূপগঞ্জ উপজেলা বিএনপির লোকজনকে শান্ত থাকার আহ্বান করছি। যারা পরাজিত হয়েছে তারা ষড়যন্ত্র করবেই। আমরা তাদের উসকানিতে পা দেব না।”

এদিকে ঘটনাস্থলের পাশের একটি উন্নয়ন প্রকল্পের প্রহরী মোহাম্মদ খলিল জানান, ফজরের নামাজের আগে এক অজ্ঞাত ব্যক্তি তাকে পাশের ঘর থেকে বের হলে হত্যার হুমকি দেয়। পরে তিনি আগুন দেখতে পান।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবজেল হোসেন বলেন,
“ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে।”