নির্বাচন-পরবর্তী প্রথম সংবাদ সম্মেলনেই আঞ্চলিক কূটনীতিতে বড় বার্তা দিলেন তারেক রহমান। তিনি জানান, বিএনপি সরকার গঠন করলে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা—সার্ককে আবার সক্রিয় করার উদ্যোগ নেওয়া হবে।
শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল-এ আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপি চেয়ারপারসন। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ–এর এক প্রতিবেদকের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশই সার্ক প্রতিষ্ঠার উদ্যোক্তা ছিল। তাই স্বাভাবিকভাবেই এই জোটকে পুনরুজ্জীবিত করার আগ্রহ বাংলাদেশের থাকবে। বিএনপি সরকার গঠিত হলে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা করে সরকার এগোবে বলে জানান তিনি।
এর আগে লিখিত বক্তব্যে তারেক রহমান বলেন, ‘আজ থেকে আমরা সবাই স্বাধীন।’ সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচনী জয়ে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এই জয় কেবল দলের নয়, বরং বাংলাদেশের ও দেশের মানুষের।
নির্বাচনে অংশ নেওয়া অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও ধন্যবাদ জানান বিএনপি চেয়ারম্যান। বিশেষভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জমিয়তে উলামায়ে ইসলাম-এর প্রতি ‘আন্তরিক ধন্যবাদ’ জানান তিনি।
বক্তব্যে দেশের বর্তমান অর্থনৈতিক ভঙ্গুরতা ও দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, এসব চ্যালেঞ্জ মোকাবিলায় দ্রুত কাজ শুরু করতে হবে। এ লক্ষ্যে তিনি সবার সহযোগিতা কামনা করেন।