১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৮ পি.এম

পরাজিত প্রার্থীদের নিয়ে এলাকার উন্নয়ন করতে চান ব্যারিস্টার কায়সার

পরাজিত প্রার্থীদের নিয়ে এলাকার উন্নয়ন করতে চান ব্যারিস্টার কায়সার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ আসনে বড় ব্যবধানে বিজয়ের পর সমঝোতা ও উন্নয়নের রাজনীতির আহ্বান জানিয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে বন্ধুসুলভ সম্পর্ক রেখে এলাকার উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচনের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, ‘প্রতিহিংসার রাজনীতি আর নয়। আমার আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে নিয়ে বন্ধুসুলভ আচরণ বজায় রেখে এলাকার উন্নয়নে কাজ করতে চাই, যাতে মানুষ যে প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছে সেটা পূরণ করতে পারি।’

সর্বশেষ প্রাপ্ত ফল অনুযায়ী, আসনটির মোট ১২৪টি কেন্দ্রের মধ্যে ১২২টির ভোট গণনা শেষে তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘ফ্যাসিস্ট রেজিমের পরে এবার প্রত্যাশিত নির্বাচন সম্পন্ন হয়েছে। মানুষ অনেক প্রত্যাশা নিয়ে আমাদের নির্বাচিত করেছে। বিগত তিন নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি সুষ্ঠুভাবে। এবার সদিচ্ছায় ভোট দিয়েছে, তাদের মতামতের প্রতিফলন ঘটিয়েছে। যে জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে আজকের এই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তাদের প্রতি সম্মান জানাই।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ছিল। কিন্তু প্রতিহিংসার রাজনীতি আর নয়, আমার আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে নিয়ে ভ্রাতৃত্ববোধ বন্ধুসুলভ আচরণ বজায় রেখে এলাকার উন্নয়নে কাজ করতে চাই, যাতে মানুষ যে প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছে সেটা পূরণ করতে পারি।’

এদিকে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ২৯৯টির মধ্যে ২৮৯টি আসনের বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ২১০টি আসনে জয় পেয়েছেন। এর মাধ্যমে দলটির নেতৃত্বে সরকার গঠনের পথ সুগম হয়েছে এবং নতুন সরকারের নেতৃত্বে থাকছেন তারেক রহমান। ফলে দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশ আবারও একজন পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে।