টি–টোয়েন্টি বিশ্বকাপ চলাকালেই বড় দুঃসংবাদ পেল জিম্বাবুয়ে। হ্যামস্ট্রিংয়ের চোটে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন অভিজ্ঞ ব্যাটার ব্রেন্ডন টেলর। তাঁর পরিবর্তে স্কোয়াডে অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটি; দলে ডাক পেয়েছেন বেন কারান।
জিম্বাবুয়ে ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, মেডিক্যাল পরীক্ষায় নিশ্চিত হয়েছে—চলতি আসরে আর মাঠে ফেরার মতো অবস্থায় নেই টেলর। ফলে টুর্নামেন্টের বাকি অংশে তাঁকে ছাড়া খেলতে হবে দলকে।
টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর থেকে শুরু করে বর্তমান সংস্করণ—দুই সময়েই অংশ নেওয়া একমাত্র ক্রিকেটার ছিলেন টেলর। ওমানের বিপক্ষে জিম্বাবুয়ের প্রথম ম্যাচেই ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। ওই ম্যাচে তিনটি ক্যাচ নেওয়ার পর ব্যাট হাতে ৩০ বলে ৩১ রান করেন। এরপর চোট পেয়ে ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়েন ৪০ বছর বয়সী এই ব্যাটার।
প্রথমে চোটকে সামান্য মনে হলেও পরে তা গুরুতর বলে ধরা পড়ে। টেলরের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে জায়গা পেয়েছেন অলরাউন্ডার টনি মুনইয়োঙ্গা।
২৯ বছর বয়সী টপ অর্ডার ব্যাটার বেন কারান এখনো টি–টোয়েন্টি আন্তর্জাতিক অভিষেক করেননি। তবে টেস্ট ও ওয়ানডেতে ৮টি করে ম্যাচ খেলেছেন তিনি। এই দুই ফরম্যাট মিলিয়ে তাঁর ঝুলিতে রয়েছে দুটি সেঞ্চুরি ও তিনটি অর্ধশতক। ঘরোয়া টি–টোয়েন্টিতে বাঁহাতি এই ব্যাটারের রান ৮৭২, স্ট্রাইক রেট ১২৬.০১; সঙ্গে আছে সাতটি ফিফটি।