দুই-তৃতীয়াংশ আসনে নিরঙ্কুশ জয় তুলে নিয়ে এককভাবে সরকার গঠনের পথে এগিয়েছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। এই ফলাফলে দলটির চেয়ারম্যান তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার পথ প্রায় নিশ্চিত। নির্বাচনের ফল স্পষ্ট হওয়ার পর শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শুভেচ্ছা জানান পাকিস্তানের শীর্ষ নেতৃত্ব।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এক বার্তায় তারেক রহমানকে বিএনপির বড় জয়ের জন্য অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি বাংলাদেশের জনগণকে ‘সফল ও শান্তিপূর্ণ নির্বাচন’ আয়োজনের জন্য শুভেচ্ছা জানান।
বার্তায় তিনি বলেন, ‘গণতান্ত্রিক অংশীদারত্ব ও যৌথ অগ্রগতির লক্ষ্যে পাকিস্তান তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছে।’
অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানান এবং বিএনপির বিজয়কে স্বাগত জানান। তিনি বাংলাদেশের জনগণকেও সফলভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য শুভেচ্ছা জানান।
নিজের বার্তায় শাহবাজ শরিফ উল্লেখ করেন, বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে তিনি আগ্রহী। দুই দেশের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। পাশাপাশি দক্ষিণ এশিয়া ও এর বাইরেও শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের অভিন্ন লক্ষ্য এগিয়ে নেওয়ার কথাও তুলে ধরেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।