আগামীকাল (১৩ ফেব্রুয়ারি) রাতের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশিত হতে পারে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।
বৃহস্পতিবার (১২
ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে নিজের ভোট
প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, “আমার ধারণা, গেজেট নোটিফিকেশন ১৩ তারিখ রাতের মধ্যেই
হয়ে যাবে। খুব দেরি হলে হয়তো ১৪ তারিখের মধ্যে হবে।”
আইন উপদেষ্টা জানান,
গেজেট নোটিফিকেশন
প্রকাশের পর যত দ্রুত সম্ভব শপথ অনুষ্ঠানের আয়োজন করা হবে। তিনি বলেন, “শপথ দ্বারা উদ্দেশ্য হলো পার্লামেন্টের
সদস্যদের শপথ। পার্লামেন্ট মেম্বারদের শপথ অনুষ্ঠান শেষ হওয়ার পর তারা সরকার গঠনের
শপথ নেবেন। আমি মনে করি, গেজেট
নোটিফিকেশনের তিন-চারদিনের মধ্যে অবশ্যই শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগেও হতে
পারে। তবে চার দিনের মধ্যে অবশ্যই হবে।”
এছাড়া আসিফ নজরুল
বলেন, নির্বাচিত
সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে, অর্থাৎ রমজানের আগেই সম্পন্ন হবে।
নির্বাচনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে তিনি মন্তব্য করে বলেন, “এখন পর্যন্ত পরিস্থিতি ভালো রয়েছে।”