১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১১ পি.এম

দুপুর ২টা পর্যন্ত ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, জালভোট ৫৯

দুপুর ২টা পর্যন্ত ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, জালভোট ৫৯

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ ঘিরে ভোটের দিন দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন কেন্দ্রে একাধিক অনিয়ম ও সহিংসতার তথ্য পাওয়া গেছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল থেকে জানানো হয়েছে, দুপুর ২টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে এসব ঘটনা নিশ্চিত করা হয়েছে।

সমন্বয় সেলের পরিসংখ্যান অনুযায়ী, দেশের বিভিন্ন কেন্দ্রে পোলিং এজেন্টদের বের করে দেওয়ার ঘটনা ঘটেছে ১৪টি স্থানে। এছাড়া প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে ১৩৫ জায়গায়। সব মিলিয়ে ৪৮৬টি ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা নথিভুক্ত হয়েছে।

একই সময়ে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ৩টি স্থানে। ৬ জন প্রার্থীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। জালভোট দেওয়ার ঘটনা শনাক্ত হয়েছে ৫৯টি। ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে ১৮টি স্থানে।

এর বাইরে ৪টি স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। পাশাপাশি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অবহেলার অভিযোগ পাওয়া গেছে ৩৩টি ক্ষেত্রে।