১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০০ পি.এম

স্পা সেন্টারে চাঁদাবাজির পর নারীকে ধর্ষণের অভিযোগ

স্পা সেন্টারে চাঁদাবাজির পর নারীকে ধর্ষণের অভিযোগ

ভারতের কেরালা অঙ্গরাজ্যের থিরুভাল্লায় একটি আয়ুর্বেদিক স্পা সেন্টারে অতর্কিত হামলা, অর্থ দাবি এবং নারী কর্মীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। ন্যাক্কারজনক এই অপরাধের তদন্তে পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করা হয়েছে। এই চক্রের ছয় সদস্যের মধ্যে ইতোমধ্যে দুজনকে আটক করা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্তরা বেআইনিভাবে ওই স্পা সেন্টারে প্রবেশ করে এবং সেখানে বড় অংকের চাঁদা দাবি করে হুমকি প্রদান করে। একপর্যায়ে সেখানে কর্মরত এক নারী কর্মীকে তারা পাশবিকভাবে নির্যাতন ও দলবদ্ধ ধর্ষণ করে। ঘটনার ভয়াবহতা বিবেচনায় পুলিশ দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করেছে।

এদিকে ঘটনার পর গত শনিবার স্পা সেন্টারের মালিক নতুন একটি অভিযোগ সামনে এনেছেন। তার দাবি, ব্যবসায়িক প্রতিহিংসার জেরে অন্য এক প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীর ইন্ধনে এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। পুলিশ বর্তমানে ভুক্তভোগী নারী ও মালিকের বিস্তারিত জবানবন্দি গ্রহণ করেছে। একই সঙ্গে ওই স্পা সেন্টারে নিয়মবহির্ভূত কোনো কাজ হতো কি না, তাও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

পাঠানামথিট্টা জেলার পুলিশ সুপার আর আনন্দ সংবাদমাধ্যমকে জানান, জেলা লিগ্যাল সার্ভিসেস অথরিটির তত্ত্বাবধানে ভুক্তভোগী নারীকে প্রয়োজনীয় আইনি সহায়তা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য কাউন্সিলিং দেওয়া হচ্ছে। মামলার মূল হোতা সুবিন আলেকজান্ডারের অপরাধের ইতিহাস পর্যালোচনা করে তাকে কেরালা অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ প্রিভেনশন অ্যাক্টের আওতায় আটক করার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।