পৃথিবীর ঘূর্ণন ও অক্ষের হেলে থাকার প্রভাবে ২০২৬ সালের পবিত্র রমজানেও বিশ্বজুড়ে রোজার সময়সীমায় দেখা দিচ্ছে উল্লেখযোগ্য পার্থক্য। ভৌগোলিক অবস্থানভেদে কোনো দেশে রোজা হবে প্রায় সাড়ে ১৭ ঘণ্টা, আবার কোথাও তা নেমে আসবে সাড়ে ১১ ঘণ্টায়।
উত্তর গোলার্ধে অবস্থানরত দেশগুলোতে এবার রোজার সময় তুলনামূলক দীর্ঘ হবে। বিপরীতে দক্ষিণ গোলার্ধে দিন ছোট হওয়ায় সেখানে রোজা রাখতে হবে কম সময়।
সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন বলছে, ২০২৬ সালে বিশ্বের দীর্ঘতম রোজা পালিত হবে ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে। সেখানে মুসল্লিদের প্রায় ১৭.৫ ঘণ্টা রোজা রাখতে হবে।
অন্যদিকে, সবচেয়ে কম সময়ের রোজা হবে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে—মাত্র ১১.৫ ঘণ্টা।
সময়ের পার্থক্যের কারণ কী?
এই তারতম্যের মূল কারণ ভৌগোলিক অবস্থান ও সূর্যের অবস্থানগত পরিবর্তন। সাধারণত বিষুবরেখার কাছাকাছি দেশগুলোতে রোজার সময় প্রায় ১৪ ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ থাকে। তবে উত্তর ও দক্ষিণ মেরুর কাছাকাছি অঞ্চলে ঋতুভেদে দিনের দৈর্ঘ্য ব্যাপকভাবে পরিবর্তিত হয়, যা কখনও কখনও ২০ ঘণ্টা পর্যন্ত পৌঁছাতে পারে। গ্রিনল্যান্ড বা আলাস্কার মতো স্থানে, যেখানে নির্দিষ্ট সময়ে সূর্য প্রায় অস্ত যায় না, সেখানে ধর্মীয় আলেমরা সৌদি আরবের মক্কার সময় অনুসরণ করে রোজা রাখার পরামর্শ দিয়ে থাকেন।
২০২৬ সালে সবচেয়ে দীর্ঘ সময় রোজা যেসব শহরে
দীর্ঘ সময়ের রোজার তালিকায় ইউরোপ ও উত্তর আমেরিকার শহরগুলোর আধিপত্য স্পষ্ট।
• হেলসিংকি, ফিনল্যান্ড: ১৭.৫ ঘণ্টা
• নুক, গ্রিনল্যান্ড: ১৭ ঘণ্টা
• গ্লাসগো, স্কটল্যান্ড: ১৬.৫ ঘণ্টা
• অটোয়া, কানাডা: ১৬.৫ ঘণ্টা
• জুরিখ, সুইজারল্যান্ড: ১৬.৫ ঘণ্টা
• লন্ডন, যুক্তরাজ্য: ১৬ ঘণ্টা
২০২৬ সালে সবচেয়ে কম সময় রোজা যেসব শহরে
দক্ষিণ গোলার্ধে অনুকূল ঋতুর কারণে রোজার সময় তুলনামূলকভাবে কম হবে।
• ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড: ১১.৫ ঘণ্টা
• পুয়ের্তো মন্ট, চিলি: ১১.৫ ঘণ্টা
• বুয়েনস আইরেস, আর্জেন্টিনা: ১২ ঘণ্টা
• কেপটাউন, দক্ষিণ আফ্রিকা: ১২.৫ ঘণ্টা
• জাকার্তা, ইন্দোনেশিয়া: ১২.৫ ঘণ্টা
মধ্যপ্রাচ্য ও এশিয়ার পরিস্থিতি
মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারে রোজার গড় সময় হবে প্রায় ১৪ ঘণ্টা। দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের করাচিতে রোজা থাকবে প্রায় ১২ ঘণ্টা, আর ভারতের নয়াদিল্লিতে তা হবে আনুমানিক সাড়ে ১২ ঘণ্টা।
ঢাকায় রোজার সময়সূচি
ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, বাংলাদেশে এ বছর রোজার সময় মধ্যম পর্যায়ে থাকবে। চাঁদ দেখা সাপেক্ষে ১৯ ফেব্রুয়ারি প্রথম রোজা শুরু হতে পারে। সেদিন ঢাকায় সাহরির শেষ সময় ভোর ৫টা ১২ মিনিট এবং ইফতার হবে সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে।
সে হিসাবে প্রথম রোজার দৈর্ঘ্য দাঁড়াবে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট। রমজানের শেষদিকে দিনের সময় বৃদ্ধি পাওয়ায় রোজার দৈর্ঘ্য বেড়ে প্রায় ১৩ ঘণ্টা ২৪ মিনিটে পৌঁছাবে।
আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই পবিত্র মাসে বিশ্বের কোটি কোটি মুসলমান নিজ নিজ ভৌগোলিক অবস্থান অনুযায়ী নির্ধারিত সময়সূচি মেনে সিয়াম পালন করবেন।
ইসলামিক বর্ষপঞ্জির নবম মাস রমজানে ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। দীর্ঘ সময়ের রোজা ধৈর্য ও আত্মসংযমের পরীক্ষা নিলেও এই মাসের আধ্যাত্মিক পরিবেশ বিশ্ব মুসলিম সম্প্রদায়ের মধ্যে এক অনন্য সংহতি গড়ে তোলে।
সূত্র: দি ইসলামিক ইনফর্মেশন ডট কম