১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৫ পি.এম

বইমেলার স্টল ভাড়া ৫৫ শতাংশ মওকুফের সিদ্ধান্ত

বইমেলার স্টল ভাড়া ৫৫ শতাংশ মওকুফের সিদ্ধান্ত

সরকার আগামী অমর একুশে বইমেলা ২০২৬-এ প্রকাশকদের স্টল ভাড়ার ৫৫ শতাংশ মওকুফের সিদ্ধান্ত দিয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত প্রকাশক সভায় এ তথ্য নিশ্চিত করেন মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. মো. সেলিম রেজা।

সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। প্রকাশকরা সভায় অংশ নিয়ে প্রকাশনা খাতের বর্তমান অবস্থা তুলে ধরেন এবং সরকারের কাছে বিভিন্ন দাবি উপস্থাপন করেন। সংস্কৃতি উপদেষ্টা জানান, গ্রন্থনীতি প্রণয়নের পাশাপাশি প্রকাশকদের অধিকাংশ দাবি সমর্থনযোগ্য। তিনি প্রকাশকদের এই প্রস্তাব লিখিতভাবে মন্ত্রণালয়ে জমা দেওয়ার আহ্বান জানান।

উপদেষ্টা সভায় জানান, আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বইমেলায় অংশগ্রহণের জন্য প্রকাশকদের স্টল ভাড়া সরকারের পক্ষ থেকে ৫৫ শতাংশ মওকুফ করা হবে। ইতিমধ্যেই যারা স্টল ভাড়ার টাকা জমা দিয়েছেন, তাদের অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হবে। যারা এখনো টাকা জমা দেননি, তারা নতুন নির্ধারিত হারে সরাসরি জমা দিতে পারবেন।

সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম, মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. মো. সেলিম রেজা এবং কমিটির অন্যান্য সদস্যরা।