ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে দেশের প্রতিটি প্রান্তে ভোটের হাওয়া দেখা দিয়েছে। শিশু থেকে বৃদ্ধ, কৃষক থেকে কবি—সবাইই এখন ভোট আলোচনা নিয়ে ব্যস্ত। এ ফ্লাকে সরব হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় লোকসংগীত শিল্পী আবদুল কুদ্দুস বয়াতি।
সোমবার (৯ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি একটি পোস্টে লিখেছেন, “গানকে হারাম বলা দলটাও গানে গানে ভোট খুঁজছে।” তবে পোস্টে কোনো নির্দিষ্ট দলের নাম উল্লেখ করেননি।
কুদ্দুস বয়াতি বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন ইস্যুতে সামাজিক মাধ্যমে সরব থাকেন। তাঁর পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। এ পোস্ট শেয়ার করে নির্মাতা শিহাব শাহীন মন্তব্য করেছেন, “হালাল গান।”
লোকসংগীতের এই শিল্পী ১৯৯২ সালে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পরিচালিত বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রচারণার গান ‘এই দিন, দিন না আরো দিন আছে’ গেয়ে প্রথম পরিচিতি লাভ করেন। এছাড়া কোভিড-১৯ মহামারীর সময় ব্র্যাকের উদ্যোগে জাইনা চলেন, মাইনা চলেন শিরোনামের গানে অংশগ্রহণ করেন।
এখন পর্যন্ত তাঁর দুটি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। এছাড়া কুদ্দুস বয়াতি অসংখ্য জনপ্রিয় বিজ্ঞাপনচিত্র, নাটক ও প্রামাণ্যচিত্রে গান গেয়েছেন। তাঁর নিবাস নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার রাজীবপুর গ্রামে।